জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড ডে মিল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাখাতে ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
তিনি আরও জানান, ডিজিটাল বৈষম্য কমাতে দেশের প্রায় দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাদের একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় প্রদান করবে।
লিখিত উত্তরে প্রধানমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে।
তিনি জানান, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক ও কর্মমুখী শিক্ষা পেতে পারে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
.webp)